গৌরনগরে জলের তলায় প্রধান সড়ক! চরম দুর্ভোগে সাধারণ মানুষ

প্রগতি ত্রিপুরা, ২৭ মে, ২০২৬: ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায় যুবরাজনগর থেকে শ্রীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াতের প্রধান সড়কটি বর্তমানে সম্পূর্ণ জলের তলায় চলে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থার কথা পঞ্চায়েত, পিডব্লিউডি দপ্তর, মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান করা হয়নি।

বর্ষা নামলেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী নিয়ে যাতায়াতকারী পরিবার এবং নিত্যপ্রয়োজনীয় কাজে বের হওয়া সাধারণ মানুষ।গ্রামবাসীদের দাবি, গত ২৫ বছরেও রাস্তার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

সরকার পরিবর্তনের পরও এলাকার উন্নয়নের ক্ষেত্রে কোনও দৃশ্যমান পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।এলাকাবাসীরা অবিলম্বে রাস্তার সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Comment