প্রগতি ত্রিপুরা, ২৭ মে, ২০২৬: নেশার কারবারের পাশাপাশি এবার জাল নোটের সমান্তরাল বিস্তারের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল খোয়াই জেলায়।
খোয়াই থানার অন্তর্গত পচ্ছিম সোনাতলা এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জাল নোট এবং নিষিদ্ধ নেশার ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে কার্তিক দেবনাথকে। ধৃত ব্যক্তি পেশায় একজন শিক্ষক বলে জানা গেছে।
এই ঘটনার পর থেকে গোটা খোয়াইতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কার্তিক দেবনাথ গোপনে এলাকায় জাল নোটের কারবার চালিয়ে আসছিল।পুলিশের সিভিল টিম একটি রণকৌশল তৈরি করে।
এরপর কল্যাণপুর থানা, খোয়াই থানা এবং সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আজ কার্তিক দেবনাথের বাড়িতে আচমকা যৌথ হানা দেয় পুলিশ।
অভিযান চলাকালীন পুলিশ ধৃতের বাড়ি ও হেফাজত তল্লাশি করে মোট ১৩,৪০০ টাকার নিখুঁত জাল ভারতীয় নোট উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া জাল নোটগুলির মধ্যে ৫০০ টাকার নোট ১৮টি, ২০০ টাকার নোট ১২টি এবং ১০০ টাকার নোট ২০ টি রয়েছে।
এই বিপুল পরিমাণ জাল নোটের পাশাপাশি তার হেফাজত থেকে নিষিদ্ধ মাদক ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির জাল নোট সংক্রান্ত সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।







