প্রগতি ত্রিপুরা, ২১ মে, ২০২৬: ২১ মে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী। সারা দেশের সঙ্গে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে কংগ্রেস। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন তিনি। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা বিধায়ক গোপাল চন্দ্র রায়।
দলীয় পতাকা উত্তোলন করেন কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ। পরবর্তীতে কংগ্রেস ভবন প্রাঙ্গণে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব। এরপর একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় বিজেপিকে কটাক্ষ করে “ভারতীয় জঞ্জাল পার্টি” বলে মন্তব্য করেন।







