অনলাইনে ওষুধ বিক্রি বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে ধর্মঘটে শান্তিরবাজারের কেমিস্টরা

প্রগতি ত্রিপুরা, ২০ মে, ২০২৬: অনলাইনে বেআইনি ওষুধ বিক্রি, ভুয়ো প্রেসক্রিপশনে হোম ডেলিভারি এবং ‘প্রেডেটরি ডিসকাউন্ট’-এর প্রতিবাদে আজ বুধবার দেশজুড়ে একদিনের প্রতীকী ধর্মঘট পালন করলেন কেমিস্ট ও ড্রাগিস্টরা। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)-এর ডাকে সারা রাজ্যের সঙ্গে ত্রিপুরার দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার সমস্ত ওষুধের দোকানও এদিন সম্পূর্ণ বন্ধ ছিল।অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের শান্তিরবাজার মহকুমা কমিটির ডাকে সকাল থেকে মহকুমার শান্তিরবাজার, বাইখোরা, মনু বাজার জোলাই বাড়ি এলাকার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

ধর্মঘটের জেরে রোগীরা সাময়িক অসুবিধায় পড়লেও জরুরি ও জীবনদায়ী ওষুধের পরিষেবা চালু ছিল বলে সংগঠনের দাবি। পাশাপাশি সংগঠনের তরফ থেকে ধর্মঘট চলাকালীন সংগঠনের একটি প্রতিনিধি দল শান্তিরবাজার মহকুমা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিন দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি পেশ করে।”ওষুধ সাধারণ পণ্য নয়”: কেমিস্ট সংগঠন শান্তিরবাজার মহকুমা কমিটির সভাপতি প্রিয়লাল ভৌমিক ও সম্পাদক সুশেন বৈদ্য এক যৌথ বিবৃতিতে বলেন, *”ওষুধ মুড়ি-মুড়কি নয় যে যাচাই ছাড়াই অনলাইনে বিক্রি হবে।

এতে জনস্বাস্থ্য ও রোগীর জীবন হুমকির মুখে পড়ছে। ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা চলছে। সরকার এখনই কঠোর না হলে দেশের ৯ লক্ষ ছোট কেমিস্ট কর্মহীন হয়ে পড়বে।”উল্লেখ্য, AIOCD-র দাবি, অনলাইনে ওষুধ বিক্রির নামে দেশজুড়ে একটি সমান্তরাল বেআইনি বাজার তৈরি হয়েছে। শান্তিরবাজার মহকুমা কমিটি জানিয়েছে, দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।

Leave a Comment