প্রগতি ত্রিপুরা, ১৮ মে, ২০২৬। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার উদয়পুরে বিক্ষোভে সামিল হল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম)-এর উদয়পুর মহকুমা কমিটি।
দলীয় কর্মী-সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিলটি উদয়পুর শহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
বিক্ষোভকারীরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির ইস্যুতে তীব্র স্লোগান তোলেন এবং অবিলম্বে জ্বালানির দাম কমানোর দাবি জানান।
মিছিল শেষে উদয়পুরে সিপিআই(এম) পার্টি অফিসের সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ দত্ত বলেন, দেশজুড়ে লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়ে গিয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও আকাশছোঁয়া হয়েছে।
সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে, অথচ সরকার এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, সরকারের নীতির ফলে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির উপর বাড়তি চাপ পড়ছে এবং এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার প্রয়োজন।
সভা থেকে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয় এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।







