প্রগতি ত্রিপুরা, ১১ মে, ২০২৬: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। বিগত ৮ দিন ধরে গোমতী জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে রয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিশেষ করে দুর্ঘটনাজনিত রোগী কিংবা জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান প্রয়োজন এই ধরনের রোগীদের অন্যত্র রেফার করতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। ২ মে থেকে গোমতী জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। সঞ্জীবনী নামক একটি বেসরকারি সংস্থা গোমতী জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা প্রদান করত।
আচমকা কি কারনে এই সংস্থা সিটি স্ক্যান পরিষেবা বন্ধ করে রেখেছে তা সকলের অজানা। সিটি স্ক্যান বিভাগের ট্যাকনেশিয়ান জানান সিটি স্ক্যান মেশিন বিকল হয়ে গেছে। ইঞ্জিনিয়ার এসেছে সিটি স্ক্যান মেশিন সারাই করছে। তবে সিটি স্ক্যান মেশিন সারাই করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানান তিনি।







