মরণফাঁদে পরিণত মেলাঘর কলমক্ষেত হাইস্কুলের সামনের সড়ক!

প্রগতি ত্রিপুরা, ১০ মে, ২০২৬: মরণফাঁদে পরিণত মেলাঘর কলমক্ষেত হাইস্কুলের সামনের সড়ক। মেরামত হয়েছে পাইপলাইন, কিন্তু ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। মেলাঘর কলমক্ষেত হাই স্কুলের ঢিল ছোঁড়া দূরত্বে তৈরি হয়েছে এক ভয়াবহ মরণফাঁদ। সামান্য বৃষ্টির ছোঁয়ায় এখন সেখানে চলাফেরা করা জীবনের ঝুঁকি নেওয়ার সমান। স্থানীয় প্রশাসনের গাফিলতির মাশুল গুনছে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়ারা।

পুরো রাস্তা ঝকঝকে তকতকে, অথচ ঠিক মাঝখানে কয়েক মিটার রাস্তা যেন সাক্ষাৎ যমদূত। মেলাঘর কলমক্ষেত হাই স্কুলে যাওয়ার ঠিক ৫০ মিটার আগে গেলেই থমকে যেতে হচ্ছে পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। গ্রামীণ সড়কের নিচ দিয়ে যাওয়া কৃষি সেচের একটি বিশাল পাইপ ফেটে জল উপচে পড়ে রাস্তায়। রাস্তাটি কেটে পাইপ সংস্কার করা হয় ঠিকই, কিন্তু কাজ শেষে রাস্তাটি আর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়নি। মাটি আর ইটের টুকরো দিয়ে দায়সারাভাবে গর্ত ভরাট করায় বর্তমানে তা কাদার ভাগাড়ে পরিণত হয়েছে।

আজকের সামান্য বৃষ্টিতে রাস্তার পরিস্থিতি এখন ‘বারোটা বেজে যাওয়ার’ মতো। পিচ্ছিল কাদা আর বড় বড় গর্তের কারণে যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। বিশেষ করে স্কুল পড়ুয়াদের জন্য এই রাস্তা দিয়ে যাতায়াত এখন অগ্নিপরীক্ষার সমান। স্থানীয়দের অভিযোগ, পাইপ সারানোর পর রাস্তাটির ‘সৎকার’ বা সঠিক সংস্কার না করায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

​স্থানীয়দের বক্তব্য ​”পাইপ ঠিক হয়েছে ঠিকই, কিন্তু রাস্তাটা খুঁচিয়ে রেখে চলে গেছে। এখন বৃষ্টি হলে চাকা বসে যাচ্ছে, বাইক নিয়ে পড়ে যাচ্ছে মানুষ। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা যেকোনো সময় বিপদে পড়তে পারে। আমরা কি একটা বড় দুর্ঘটনার অপেক্ষায় থাকব?” ​বিকাশের যুগে একটি প্রধান সড়কের মাঝখানে এমন গর্ত প্রশাসনের সমন্বয়হীনতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন একটাই, কলমক্ষেত হাই স্কুলের সামনের এই মরণফাঁদ কি আদৌ সংস্কার হবে? নাকি কোনো বড় প্রাণহানির পর টনক নড়বে কর্তৃপক্ষের?

Leave a Comment