অনলাইন ডেস্ক, ৬ মে, ২০২৬: আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে বটতলা মহাশ্মশান। বুধবার আগরতলা পৌর নিগমের অন্তর্গত বটতলা মহাশ্মশান পরিদর্শনে গিয়ে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার। তিনি জানিয়েছেন, আগরতলার বটতলা মহাশ্মশানকে আধুনিকভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে পুর নিগম। বর্ষাকালে জলমগ্নতার কারণে সৎকারে সমস্যা এড়াতে আপৎকালীন ব্যবহারের জন্য রাস্তার পাশে নতুন চুল্লি তৈরি করা হবে এবং আরও দুটি গ্যাসচালিত চুল্লি বসানো হবে।
বুধবার মহাশ্মশান পরিদর্শন করে তিনি জানান, সৌন্দর্যায়নের অংশ হিসেবে ফোয়ারা, হাইমাস্ট লাইট ও শ্মশানযাত্রীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হবে। প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক কাজ চলছে এবং বর্ষার আগেই চুল্লি প্রস্তুত করার লক্ষ্য নেওয়া হয়েছে।এছাড়াও মহাশ্মশানের ঐতিহ্যবাহী শিবমন্দির সংস্কার করা হবে। অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে মন্দিরটিকে উপরে তোলা হবে। মেয়র বলেন, পুর নিগমের পক্ষ থেকে বিনা পয়সায় সৎকারের ব্যবস্থা রয়েছে; কেউ উৎকোচ দাবি করলে তার ভিডিও ধারণ করে অভিযোগ জানাতে অনুরোধ করেন তিনি।








