প্রগতি ত্রিপুরা, ০৫ মে, ২০২৬: রাজ্যের নাবালিকাকে বেঙ্গালুরু থেকে উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনল ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশন। জানা যায় নাবালিকার বাড়ি গোমতী জেলায়। নাবালিকার মা তেলিয়ামুড়ায় বসবাস করে। সেই সুবাদে নাবালিকা তার মায়ের কাছে তেলিয়ামুড়া গিয়েছিল। কিন্তু নাবালিকার মা মেয়েকে ভুল বুঝিয়ে বেঙ্গালুরু নিয়ে চলে যায় ২০২৫ সালের মার্চ মাসে।
সেখানে মেয়েকে নিয়ে যাওয়ার পর নাবালিকার মা নাবালিকার বিয়ে ঠিক করে এক মাঝ বয়সী যুবকের সাথে। নাবালিকা ফোন করে এই বিষয়ে তার বাবাকে জানায়। তখন নাবালিকার বাবা ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের নিকট লিখিত আকারে এই বিষয়ে অভিযোগ দায়ের করে। তারপর ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় কর্ণাটক রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের সাথে।
এবং নাবালিকাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার নাবালিকাকে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান। পাশাপাশি তিনি জানান নাবালিকাকে বর্তমানে তার বাবার হাতে তুলে দেওয়া হবে।








