প্রগতি ত্রিপুরা, ১১ এপ্রিল, ২০২৬: কাঞ্চনপুর মহকুমায় আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল, ১২ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ নির্বাচন।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১নং আসন দামছড়া-জম্পুই এবং ৩নং আসন দশদা-কাঞ্চনপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার আশিষ বিশ্বাস প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।
শনিবার কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটে নিযুক্ত কর্মীরা। প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য, ১নং দামছড়া-জম্পুই ও ৩নং দশদা-কাঞ্চনপুর আসনে মোট ১০৩টি পোলিং স্টেশন রয়েছে।
এই দুই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৮৫,৯৩৩ জন। আগামীকাল সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া, যা ঘিরে ইতিমধ্যেই উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সাধারণ ভোটারদের মধ্যে।








