প্রগতি ত্রিপুরা, ১০ এপ্রিল, ২০২৬: শুক্রবার দুপুরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-র একটি প্রতিনিধি দল কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন করে।
দলে আগরতলা বিমানবন্দরের চিফ সিকিউরিটি অফিসার এস কে রায় ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ইলেকট্রিক) রাম কেশ মিনা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বিমানবন্দরের একাধিক ভবনের বেহাল অবস্থা নজরে আসে।
ছাদ ফুটো হয়ে জল পড়া, ভাঙা জানালা ও ভবনের উপর গাছ গজিয়ে ওঠায় অবকাঠামোর ক্ষতি দ্রুত বাড়ছে বলে জানা যায়। বিদ্যুৎ সরবরাহ কক্ষ এবং এটিসি বিল্ডিংও ঘুরে দেখেন আধিকারিকরা।
প্রতিনিধি দল জানায়, পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিমানবন্দরের জমিতে অনুপ্রবেশ ও অবৈধ দখল খতিয়ে দেখে প্রয়োজনীয় ফেন্সিংয়ের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি বিমানবন্দরের একটি অংশে জমি দখলের অভিযোগ ওঠে, যা পরিদর্শনে সত্য বলে প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে বিমানবন্দর পুনরায় চালু করার সম্ভাবনা নিয়ে শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।








