প্রগতি ত্রিপুরা, ০৭ এপ্রিল, ২০২৬: ১২ এপ্রিল এডিসি নির্বাচন। নির্বাচনকে লক্ষ্য করে ২৩ অম্পি নগর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সউদাগর কলুইর সমর্থনে অম্পি সিন্ডিকেট মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, আগামী দিনে মথা আর থাকবে না। এডিসিতে এবার সরকার করবে বিজেপি।
মঙ্গলবার অম্পিনগরে নির্বাচনী জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, বিজেপি কোন দলের উপর নির্ভরশীল না। তাই একাই ২৮ টি আসনে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে বিভাজনের চেষ্টা করছে মথা। কিন্তু মানুষ তা গ্রহণ করছে না।
আশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে এডিসিতে সরকার গড়বে বিজেপি। তিনি আরো বলেন, সরকার টাকা দিয়েছে এডিসি উন্নয়নের জন্য কিন্তু কোন কাজ হয়নি, হয়েছে লুটপাট। এখন এডিসিতে একটা স্বচ্ছ সরকার গঠন করার সময় এসেছে। জনসভা শেষে মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রায় চার শতাধিক ভোটার বিজেপিতে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল থেকে।








