প্রগতি ত্রিপুরা, ৭ এপ্রিল, ২০২৬: দারগাবাড়ি থেকে অশ্বিনী মার্কেট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় দুই বছর আগে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও সেই কাজ সম্পূর্ণ হয়নি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই প্রকল্পের দায়িত্বে রয়েছেন শিবনগর এলাকার মসজিদ রোডের ঠিকাদার। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ ধীরগতিতে চলছে এবং অনেক জায়গায় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে রয়েছে। বর্ষাকালে কাদা ও জল জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ঠিকাদার পক্ষের সাইট ম্যানেজারের আচরণ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, তারা কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সাইট ম্যানেজার কোনও উত্তর দিতে চান না। বরং, তিনি মুখ ঘুরিয়ে এড়িয়ে যান এবং অনেক সময় রাস্তার বখাটে যুবকের মতো আচরণ করে এলাকাবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এমনকি, সাইট ম্যানেজারের বিরুদ্ধে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও উঠেছে, যা নিয়ে এলাকায় চরম অসন্তোষ ছড়িয়েছে। সাধারণ মানুষের দাবি, এই ধরনের আচরণ শুধু অমানবিকই নয়, বরং দায়িত্বজ্ঞানহীনতারও পরিচয় বহন করে।
এলাকাবাসীরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, “রাস্তার কাজ দ্রুত শেষ করতে হবে এবং দায়িত্বপ্রাপ্তদের আচরণ নিয়ন্ত্রণে আনতে হবে, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন।”
এখন প্রশ্ন উঠছে, প্রশাসন এই গুরুতর অভিযোগের পর কী পদক্ষেপ গ্রহণ করবে এবং কবে নাগাদ শেষ হবে এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ।








