ধর্মনগরে যুব মোর্চার বিশাল বাইক র‍্যালি,জয় রুখতে পারবে না কেউ’: সুশান্ত দেব

প্রগতি ত্রিপুরা , ০৫ এপ্রিল, ২০২৬: উপ-নির্বাচনের দামামা বাজতেই উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ত্রিপুরার রাজনৈতিক ময়দান। ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শনে নেমেছে ভারতীয় জনতা যুব মোর্চা। রবিবার ধর্মনগর শহরে আয়োজন করা হয় এক সুবিশাল বাইক র‍্যালির।

দুর্যোগপূর্ণ আবহাওয়াকেও উপেক্ষা করে কয়েক হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণে বাইকের গর্জনে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান প্রধান সড়ক। র‍্যালিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও স্থানীয় ও জেলা স্তরের একাধিক নেতৃত্ব অংশ নেন এই কর্মসূচিতে। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে শেষে এক বিশাল সমাবেশে পরিণত হয়।

বৃষ্টির মধ্যেও কর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।এদিন সুশান্ত দেব বলেন,“প্রাকৃতিক দুর্যোগও আমাদের কর্মীদের মনোবল ভাঙতে পারেনি। ঝড়-বৃষ্টির মধ্যেও এই র‍্যালি প্রমাণ করে দিয়েছে, মানুষের সমর্থন আমাদের দিকেই রয়েছে। বিরোধীরা কোনোভাবেই আমাদের জয় আটকাতে পারবে না। আসন্ন উপ-নির্বাচনে জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়লাভ করবেন,এটি এখন শুধু সময়ের অপেক্ষা।

”মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে আয়োজিত এই র‍্যালিকে শাসক শিবিরের সাংগঠনিক শক্তির বড় প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে। নেতৃত্বের দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষ জহর চক্রবর্তীকে সমর্থন জানাবেন। র‍্যালি শেষে নেতৃত্বরা দৃঢ় কণ্ঠে জানান, কোনো বাধাই বিজেপির ‘বিজয় রথ’কে থামাতে পারবে না। এখন দেখার, এই বিশাল র‍্যালি ও সমাবেশের প্রভাব নির্বাচনের ফলাফলে কতটা প্রতিফলিত হয়।

Leave a Comment