বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে জনসম্পর্ক অভিযান

প্রগতি ত্রিপুরা, ৩ এপ্রিল, ২০২৬ :টিটিএএডিসি নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক তৎপরতা ক্রমেই তুঙ্গে। শুক্রবার ১১ মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে ২৯ কৃষ্ণপুর বিধানসভা এলাকার চাকমাঘাট সংলগ্ন রঙ্গিয়া টিলা গুচ্ছগ্রামে এক জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয়। বিজেপির ২৯ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন প্রার্থী নিজে সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থক। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বিল্লু জমাতিয়া ছাড়াও বন্ধনের যুব মিত্রের সভাপতি নির্মল দেবনাথ, সাধারণ সম্পাদক ওয়াথারাই মলসুম এবং মণ্ডলের অন্যান্য পদাধিকারীরা।

এলাকায় পৌঁছে তাঁরা সরাসরি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং স্থানীয় পরিস্থিতির খোঁজখবর নেন।স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৩ সালে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে বহু পরিবারকে এই গুচ্ছগ্রামে পুনর্বাসিত করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এডিসি প্রশাসনের তরফে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না মেলায় ক্রমশই বঞ্চনার শিকার হচ্ছেন বাসিন্দারা। বহু পরিবার তাদের পূর্বপুরুষের ভিটেমাটি হারিয়ে আজও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এই প্রেক্ষাপটে জনসম্পর্ক অভিযানে অংশ নিয়ে বিল্লু জমাতিয়া গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে, নির্বাচনে জয়ী হলে তাঁদের আর্থ-সামাজিক উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন। যুবক-যুবতী থেকে প্রবীণ—সকলের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে পানীয় জল, রাস্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ঘাটতির মতো একাধিক সমস্যা।নির্বাচনের আগে এমন প্রত্যন্ত এলাকায় পৌঁছে সরাসরি মানুষের পাশে থাকার বার্তা দিতে চাইছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের জনসংযোগই আসন্ন নির্বাচনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Leave a Comment