প্রগতি ত্রিপুরা, ৩০ মার্চ, ২০২৬:“সন্ত্রাস নয়, শান্তিই চাই”—এই বার্তাকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সহাবস্থানের আহ্বান জানালেন জনজাতি মানুষেরা। ভোট হোক উৎসবের, গণতন্ত্রের এই মেলবন্ধনকে অটুট রাখার দাবিও উঠল তাঁদের মুখে।
এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমার সাম্প্রতিক অশান্তির আবহে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। গতকাল রাতে তিপ্রা মথা দলের দুষ্কৃতীদের হামলার ঘটনার জেরে রবিবার উত্তর মহারানী এলাকায় এক নাটকীয় দলবদলের সাক্ষী থাকল রাজনৈতিক মহল।
পাঁচটি পরিবারের মোট ২১ জন ভোটার তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগ দেন। উত্তর মহারানীস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাঁদের দলে স্বাগত জানানো হয়।
মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, “গতকাল রাতে আচমকাই তিপ্রা মথার আশ্রিত দুষ্কৃতিকারীরা মানিক বাজার এলাকায় গিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালায়।
ঘটনায় বেশ কয়েকজন আহত হন।” এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ক্ষুব্ধ হয়ে ওই পরিবারগুলি দল ছাড়ার সিদ্ধান্ত নেন বলে তাঁর দাবি।তিনি আরও বলেন, “নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া।
সেখানে সকল দলেরই প্রচারের অধিকার রয়েছে। কিন্তু ভয় দেখিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে সেই পরিবেশ নষ্ট করা ঠিক নয়। শান্তিপূর্ণ নির্বাচনই কাম্য।
”মন্ত্রী দাবি করেন, শান্তির পরিবেশ বজায় রাখার বার্তা দিতেই ওই ২১ জন ভোটার তাঁর বাসভবনে এসে স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেন।রাজনৈতিক মহলের মতে, আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই এই ধরনের দলবদল ঘটনাকে নতুন মাত্রা দিচ্ছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা—ভোট যেন সত্যিই উৎসবে পরিণত হয়, সংঘাতে নয়।







