প্রগতি ত্রিপুরা, ২৮ মার্চ, ২০২৬: এক প্রতারককে আগরতলার মঠ চৌমুহনী এলাকা থেকে জালে তুলল পূর্ব থানার পুলিশ। তার নাম তাজ উদ্দিন আলী। ওসি জানিয়েছেন আগরতলায় সে দিলীপ সাহা ছদ্মনামে পরিচিত। চাকরি দেওয়ার জন্য ফেসবুকে কর্মবার্তা নামের একটি ভুয়ো পেজ খুলে দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে চাকরি দেওয়ার নাম করে বহু যুবক-যুবতীর কাছ থেকে অর্থ আদায় করে চলেছে তাজ উদ্দিন আলী নামের এই প্রতারক।
ভুয়ো নিয়োগ পত্র দেওয়ার নাম করে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সে। পূর্ব থানার পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তার মোবাইলে বহু ফোন এসেছে যারা চাকরি পাওয়ার জন্য তাকে টাকা দিতে আগ্রহী। অনেকে আবার কিছুটা আগে পেমেন্ট করেছে। শনিবার ও তাদের পেমেন্ট করার কথা। শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে কথা বলে তারা পূর্ব থানায় ছুটে আসতে উদগ্রীব হয়ে উঠে।








