প্রগতি ত্রিপুরা, ২৭ মার্চ, ২০২৬: আগরতলা শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে আগরতলা পুর নিগম। আগরতলা শহরের বিভিন্ন এলাকায় ড্রেইন প্রশস্তকরণ, নতুন নতুন কালভার্ট নির্মাণ এবং ড্রেইনের উপর কভার নির্মাণের কাজ চলছে জোর কদমে। শুক্রবার এই সকল নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এইদিন আগরতলা শহরে চলমান উন্নয়ন মূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখার পর মেয়র দীপক মজুমদার জানান, জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে অতিরিক্ত আরও তিনটি পাম্প মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সেই মোতাবেক টেন্ডার করে পাম্প বসানোর জন্য জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। টিআরটিসি সংলগ্ন স্থানে একটি পাম্প বসানো হবে। এছাড়া আগরতলা পুর নিগমের পক্ষ থেকে প্রতিবছরের মত এ বছরও ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চৈত্র মেলা অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলিতে রাজধানীর শকুন্তলা রোড থেকে ওরিয়েন্ট চৌমুহনি পর্যন্ত চৈত্র মেলা অনুষ্ঠিত হলেও এ বছর স্থান পরিবর্তন হয়েছে।
এই বছর রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আয়োজন করা হয়েছে। এই প্রথম বারের মতো আগরতলা পুর নিগমের পক্ষ থেকে চৈত্র মেলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ী স্টল নির্মাণ করে দেওয়া হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যে স্টলগুলো নির্মাণ করা কাজ সম্পন্ন হয়ে যাবে। ইতিমধ্যে স্টল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। শুক্রবার স্টল নির্মাণের কাজ সরজমিনে খতিয়ে দেখেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা।








