প্রগতি ত্রিপুরা, ১৭ই মার্চ, ২০২৬। ঘোষণা হয়ে গেল এডিসি নির্বাচনের দিনক্ষণ। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান বুধবার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা নোটিফিকেশন জারি করবে। একই সাথে শুরু হয়ে যাবে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ। ২৫ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।
২৬ মার্চ মনোনয়ন পত্র স্কুটিনি করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৩ এপ্রিল। যদি পুনঃনির্বাচনের প্রয়োজন হয় তবে তা করা হবে ১৬ এপ্রিল।
১৭ এপ্রিল ভোট গণনা করা হবে। ১৮ এপ্রিল ২০২৬-এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার। রাজ্য নির্বাচন কমিশনার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে।
এডিসি এলাকায় মোট ভোটার রয়েছে ৯ লক্ষ ৬২ হাজার ৬৯৭ জন। এডিসি নির্বাচনে মোট পোলিং স্টেশন রয়েছে ১ হাজার ২৫৭ টি।
ইতিমধ্যে এই পোলিং স্টেশন গুলিকে এ,বি ও সি ক্যাটাগরিতে ভাগ করে সেই মোতাবেক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে এইদিনের সাংবাদিক সম্মেলনে জানান রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর।







