‘ক্লিন হোস্টেল এন্ড গ্রীণ হোস্টেল’ ক্যাম্পেইন বিজয়ী ছাত্রাবাসগুলি পুরস্কৃত

অনলাইন ডেস্ক, ১৩ মার্চ, ২০২৬: পশ্চিম ত্রিপুরা জেলা জনজাতি কল্যাণ আধিকারিক কার্যালয়ের উদ্যোগে সুকান্ত একাডেমীর অডিটোরিয়ামে গতকাল ‘ক্লিন হোস্টেল এন্ড গ্রীণ হোস্টেল’ ক্যাম্পেইন-২০২৬ বিষয়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। উল্লেখ্য, জেলার ১৬টি জনজাতি ছাত্রছাত্রীদের হোস্টেলের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বালিকা বিভাগে ১ম হয়েছে মোহনপুর মহকুমার সুরেন্দ্রনগর জনজাতি বালিকা হোস্টেল, ২য় হয়েছে সদর মহকুমার মহারানী তুলসীবতী জনজাতি বালিকা হোস্টেল, ৩য় হয়েছে জিরানীয়া মহকুমার ঘুমপুই বালিকা হোস্টেল।

বালক বিভাগে ১ম হয়েছে সদর মহকুমার উমাকান্ত একাডেমীর জনজাতি বালক হোস্টেল, ২য় জিরানীয়া মহকুমার বড়জলা বীনাপানী জনজাতি বালক হোস্টেল এবং ৩য় হয়েছে মোহনপুর মহকুমার সাচিয়া বাড়ি জনজাতি বালক হোস্টেল। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল এই অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, ‘ক্লিন হোস্টেল এন্ড গ্রীণ হোস্টেল ক্যাম্পেইন’ এর মূল উদ্দেশ্য হোস্টেলগুলির মাধ্যমে রাজ্যে বনায়ন সৃষ্টি করা, হোস্টেলের পরিবেশ স্বচ্ছ রাখা এবং সরকারী সম্পত্তি সুরক্ষিত রাখা। তিনি এই ক্যাম্পেইন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হোস্টেলগুলিকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামীদিনে এই কর্মসূচিতে তারা আরো ভালো কাজ করবেন এবং যে সমস্ত হোস্টেল এবছর ভাল করে ক্যাম্পেইন করতে পারেননি, তারাও যেন আগামী দিনে ভাল কাজ করার উদ্যোগ গ্রহণ করবে।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জিরানীয়া মহকুমা বোর্ডিং হাউজ কমিটির চেয়ারম্যান মধুসূধন দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর মহকুমার সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদাস দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার বোর্ডিং হাউজ কমিটির চেয়ারম্যান রঞ্জিৎ দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পশ্চিম জেলা জনজাতি কল্যাণ আধিকারিক উত্তম কুমার ভৌমিক। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সদর মহকুমার বোর্ডিং হাউজ কমিটির চেয়ারম্যান ভাস্বতি দেববর্মা। উপস্থিত ছিলেন সদর মহকুমার বন আধিকারিক তাপস জ্যোতি কিশোর দেববর্মা।

অনুষ্ঠান শেষে সভাধিপতি সহ অন্যান্য অতিথিগণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হোস্টেলগুলির কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার মূল্য হিসাবে তাদের হাতে যথাক্রমে প্রথম পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এই সমস্ত হোস্টেলের সুপারিনটেনডেন্টগণ ও প্রধান শিক্ষকগণকেও ১০ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।

Leave a Comment