প্রগতি ত্রিপুরা, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬। ধলাই জেলার কচুছড়া থানা এলাকায় মোবাইল টাওয়ার থেকে তামার তার ও ব্যাটারি চুরির ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে সাফল্য অর্জন করেছে পুলিশ।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি হওয়া সামগ্রীও উদ্ধার করতে সক্ষম হয়েছে কচুছড়া থানার পুলিশ। পুলিশের এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ৭ মার্চ বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ কচুছড়া বাজার এলাকায় এক সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে আটক করে।
পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে কিছু তামার তার উদ্ধার করা হয়। বিষয়টি জানানো হলে কচুছড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে যুবকটি স্বীকার করে যে সে কচুছড়া এলাকার একটি জিও মোবাইল টাওয়ার থেকে তামার তার চুরি করেছে। পরে পুলিশ টাওয়ারটি পরিদর্শন করে দেখতে পায় যে শুধু তামার তার নয়, টাওয়ার থেকে একটি ব্যাটারিও চুরি হয়েছে।
এরপর আটক যুবককে আরও জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে চুরি করা ব্যাটারিটি টাওয়ারের পাশের জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছে। পুলিশের একটি দল সেখানে তল্লাশি চালিয়ে ব্যাটারিটি উদ্ধার করে এবং চুরি হওয়া সামগ্রী সিজ করে থানায় নিয়ে যায়।
ধৃত যুবকের পরিচয় লোকমোহন ত্রিপুরা (১৯)। তার বাড়ি আমবাসা থানার অন্তর্গত ম্যাগাজিন পাড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এই চুরির ঘটনায় তার আরও সহযোগী থাকতে পারে।
কচুছড়া থানার ওসি বিশ্বজিৎ দাস জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করা হয়েছে এবং রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি সম্প্রতি নর্থ কচুছড়া গ্রামে ঘটে যাওয়া বাড়ি চুরির ঘটনার সঙ্গে এই অভিযুক্তের কোনো যোগসূত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।








