প্রগতি ত্রিপুরা, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬: ছাত্রছাত্রীদের আমাদের ঐতিহ্যগত মূল্যবোধ এবং নিজস্ব সংস্কৃতি চর্চায় শিক্ষিত করে তুলতে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। আজ বিকালে লংতরাইভ্যালি মহকুমার হকুতুইসায় (ধূমাছড়া) রতনমনি সেবা মিশনের ৪০তম বার্ষিক উৎসবের উদ্বোধন করে তিনি একথা বলেন।
রাজ্যপাল বলেন, গত ৪০ বছর ধরে রতনমনি সেবা মিশন ছাত্রছাত্রীদের চরিত্র গঠন, জ্ঞান বৃদ্ধি এবং নিজস্ব সংস্কৃতির সংরক্ষণে নিরবে কাজ করছে। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, রতনমনি সেবা মিশন রাজ্যে সামাজিক উন্নয়নে এবং স্বশক্তিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রসঙ্গক্রমে তিনি অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের একলব্য আবাসিক বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ে পড়াশুনা করানোর সুযোগ গ্রহণ করতে উৎসাহিত করেন।
তিনি বলেন, এই দুটি বিদ্যালয়ে বিনামূল্যে পড়াশুনা করার এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক পল দাংশু। সমাজসেবী নিশিকান্ত পান্ডেও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রতনমনি সেবা মিশনের সদস্য এল কলই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সেবা মিশনের সভাপতি তরনী ত্রিপুরা। অনুষ্ঠানে সেবা মিশনের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।







