শিল্প ও বাণিজ্য মেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী রাজ্যে শিল্পের বিকাশে নতুন নতুন উদ্যোগীদের উৎসাহিত করতে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে

প্রগতি ত্রিপুরা, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬: ত্রিপুরাকে শিল্পের মাধ্যমে আত্মনির্ভর করতে রাজ্য সরকার কাজ করছে। রাজ্যে উৎপাদিত রাবার, চা, বাঁশবেতের শিল্প, হস্ততাঁত ও হস্তকারু শিল্প, আগরবাতি শিল্প প্রভৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা একথা বলেন।

তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে শিল্পের বিকাশে নতুন নতুন উদ্যোগীদের উৎসাহিত করতে এ ধরণের শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। তিনি মেলায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং রাজ্যে শিল্পের বিকাশে ও নতুন নতুন শিল্প স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, এ বছর শিল্প মেলায় ইতিমধ্যেই ২ কোটি ৭৫ লক্ষ টাকারও বেশি পণ্য সামগ্রী বিক্রি হয়েছে। যা খুবই উৎসাহজনক। অনুষ্ঠানে উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ বলেন, ভারতের অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরাও শিল্পক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান রাজ্য সরকার শিক্ষা ও শিল্পের সমন্বয় ঘটিয়ে ত্রিপুরাকে উন্নত রাজ্যে পরিণত করার কাজ করছে।

রাজ্যের যুবক-যুবতীদের আত্মনির্ভর করতে দক্ষতা উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করছে। উচ্চশিক্ষা মন্ত্রী বলেন, এই মেলা শুধু একটি মেলা নয়, রাজ্যের শিল্প ও বাণিজ্যের উন্নয়নের প্রতিচ্ছবি। এক সময় ভারতবর্ষ বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরেই ভারতে কুটির শিল্প বিকশিত হয়েছিল, যা এখনও অব্যাহত আছে।

তিনি ভারতের গ্রামীণ ও কুটির শিল্পকে বিশেষ প্রাধান্য দেন এবং দেশের যুব সমাজকে তাঁর সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করেন। কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সহায়তার মাধ্যমে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য উৎসাহিত করছে। এই মেলা তারই দৃষ্টান্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মীনারাণী সরকার, টিআইডিসি’র চেয়ারম্যান নবাদল বণিক, টিআইডিসি’র বোর্ড মেম্বার মেঘনাদ সাহা প্রমুখ।

সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুভাষ দাস। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা এবং উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ দক্ষিণ ত্রিপুরার মঙ্গলাবিলাস আগরবাতি কারখানায় তৈরি ধূপকাঠির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর অতিথিগণ রাজ্যের বিভিন্ন ক্ষুদ্র শিল্প সংস্থা এবং স্বসহায়ক দলকে তাদের সাফল্যের জন্য পুরস্কৃত করেন।

Leave a Comment