প্রগতি ত্রিপুরা, ০৭ ফেব্রুয়ারী, ২০২৬: সমাজে পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শনিবার উদয়পুর কাকড়াবন পি এমশ্রী কিশোরগঞ্জ এসবি স্কুলের উদ্যোগে ব্যাগলেস ডে উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
এই উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রকৃতি অধ্যয়ন, বৃক্ষরোপণ ও পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি রেলীর আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রেলীটি কাকড়াবন এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।
রেলীতে ছাত্রছাত্রীরা পরিবেশ সচেতনতা বিষয়ক পোস্টার, ব্যানার ও স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রকৃতি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যাপালি ভৌমিক, শিক্ষক পরীক্ষিত দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
ব্যাগলেস ডে উপলক্ষে এদিন ছাত্রছাত্রীরা স্কুল ব্যাগ ছাড়াই বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রকৃতির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পায়। বইয়ের গণ্ডি পেরিয়ে প্রকৃতিকে কাছ থেকে জানাই ছিল এই দিনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। শিক্ষার্থীরা নিজ হাতে গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করে। পাশাপাশি পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব নিয়ে শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক পরীক্ষিত দাস বলেন, শুধু বইয়ের পাঠ নয়, প্রকৃতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই ধরনের কর্মসূচির মাধ্যমে শিশুদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশ রক্ষার শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি।








