ধারাবাহিক উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং সকলের সঙ্গে সকলের বিকাশে অগ্রাধিকার বাজেটে, এই বাজেট যুবশক্তির কথা মাথায় রেখে : অর্থমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ০১ ফেব্রুয়ারী, ২০২৬: বিকশিত ভারতের লক্ষ্যে সংস্কার কর্মসূচিকে আরও জোরদার করতে ধারাবাহিক উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং সকলের সঙ্গে সকলের বিকাশে জোর দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন তাঁর বাজেট ভাষণে উল্লেখ করেছেন।

এই কাজে কাঠামোগত সংস্কারের গতি বজায় রাখা, মজবুত আর্থিক ক্ষেত্র ও নতুন প্রযুক্তির প্রয়োগ বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেছেন।

কর্তব্য ভবনে তৈরি হওয়া এই বাজেট যুবশক্তি পরিচালিত বাজেট – বলেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিগত ১২ বছরে আর্থিক সুস্থিতি মজবুত হয়েছে এবং মুদ্রাস্ফীতির হার রয়েছে নিয়ন্ত্রণে। আত্মনির্ভরতার আদর্শ অনুযায়ী সরকার দেশীয় উৎপাদন ক্ষেত্রকে আরও জোরদার করতে চায় বলে তিনি আবারও জানিয়েছেন। প্রাসঙ্গিক ক্ষেত্রগুলিতে উপযুক্ত সংস্কারের সুবাদেই দেশের বিকাশ হার ৭ শতাংশে হতে পেরেছে বলে অর্থমন্ত্রী মন্তব্য করেন। দারিদ্র্য দূরীকরণেও এই সরকার সাফল্য পেয়েছে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন।

ধারাবাহিক অর্থনীতির বিকাশ নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকার জোর দিচ্ছে বলে তিনি জানান। কৌশলগত ক্ষেত্রকে জোরদার করতে সংশ্লিষ্ট সরঞ্জামের উৎপাদনের বাড়ানো, পরিকাঠামো শক্তিশালী করা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং শহর-কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বলা হয়েছে বাজেটে।

ভারতের তরুণ প্রজন্মের স্বার্থে পরিষেবা ক্ষেত্রকেও সরকার আরও জোরদার করতে চায়। শিক্ষাজগৎ থেকে কর্মজগতে প্রবেশের পথ বিঘ্নহীন করায় একটি স্থায়ী পরামর্শ কমিটি গড়ে তোলার কথা বলেছেন তিনি। ২০৪৭ নাগাদ সারা বিশ্বে পরিষেবা ক্ষেত্রে ভারতের অবদান অন্তত ১০ শতাংশে নিয়ে যেতে চায় সরকার।

Leave a Comment