শুরু হলো ৫ দিনব্যাপী পুথিবা লাই-হারাওবা উৎসব !

প্রগতি ত্রিপুরা, ২০ জানুয়ারি, ২০২৬ : ত্রিপুরায় মণিপুরী সংস্কৃতির আদি দেবদেবী পুজো, ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ৫ দিনব্যাপী পুথিবা লাই-হারাওবা উৎসব

ত্রিপুরায় মণিপুরী সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকোৎসব পুথিবা লাই-হারাওবা-এর ১৬ তম বর্ষের উৎসব ও মেলা শুরু হয়েছে।

২৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে এই পাঁচ দিনব্যাপী উৎসব। পশ্চিম ত্রিপুরা জেলা আগরতলা অভয়নগরে পুথিবা দেবতা মন্দিরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা হয়।

পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটি ও পুথিবা লাই-হারাওবা কমিটি-র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা করেছে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

মণিপুরী সংস্কৃতির আদি দেবদেবী পুজো, ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পুথিবা লাই-হারাওবা উৎসবের মাহাত্ম্য তুলে ধরা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিপুর থেকে আগত বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী এল. সুচিন্দ্র মেইতেই, মনিপুর থেকে আগত এস.সি. ই. আর.টি অধিকর্তা রুমেল সিংহ, চেয়ারম্যান জাস্টিস কমিটি মনিপুর জয়চন্দ্র, পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটির সম্পাদক দীপক কুমার সিনহা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই উৎসবের মাধ্যমে মণিপুরী জনগোষ্ঠীর প্রাচীন সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি সাংস্কৃতিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেই এই উৎসবের আয়োজন।

পাঁচ দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন বিভিন্ন ধর্মীয় আচার, লাই-হারাওবা নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী ও দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

Leave a Comment