আবারও স্কুলে চুরির ঘটনা! চাঞ্চল্য তেবাড়িয়া–বামুটিয়া এলাকায়!!

প্রগতি ত্রিপুরা, ২০ জানুয়ারি, ২০২৬ : আবারও এয়ারপোর্ট থানাধীন তেবাড়িয়া–বামুটিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মর্নিং স্কুল শুরুর আগেই এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, সরস্বতী পূজার জন্য তোলা নগদ প্রায় পাঁচ হাজার টাকা ও একটি ঘন্টা নিয়ে চম্পট দেয় চোরের দল।

সকালবেলা বিদ্যালয়ের স্টাফ রুম খুলতেই চক্ষু চড়কগাছ হয় প্রধান শিক্ষক তপন সরকারের। স্টাফ রুমের ভিতরে ঢুকে তিনি দেখতে পান, ঘরের সমস্ত আলমারি ও গড ডেসের দরজা ভাঙা অবস্থায় খোলা এবং জিনিসপত্র সম্পূর্ণ এলোমেলো হয়ে পড়ে রয়েছে।

এরপরই তিনি বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানান এবং সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত কিছু খতিয়ে দেখে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। তাঁদের দাবি, এলাকায় বারবার এমন চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তার কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বামুটিয়া তেবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন সরকার গোটা ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

এই ঘটনার পর বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বারবার চুরির ঘটনায় আতঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল।

দ্রুত দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ও রাতে নজরদারি বাড়ানোরও দাবি উঠেছে।

Leave a Comment