কদমতলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক এক!!

প্রগতি ত্রিপুরা, ১২ জানুয়ারী, ২০২৬: মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে ত্রিপুরা পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারই অঙ্গ হিসেবে রবিবার গভীর রাতে কদমতলা থানাধীন ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় যৌথ অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ ও বিএসএফ।

ঘটনাটি রবিবার রাত আনুমানিক বারোটা নাগাদ। কদমতলা থানা এলাকার ইয়াকুব নগর সংলগ্ন ইচাই পার গ্রামে তাজ উদ্দিন নামক এক ব্যক্তির বাড়িতে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে নেশা জাতীয় সামগ্রী নিয়ে প্রবেশ করতে দেখে স্থানীয় ৯৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে কদমতলা থানার পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ও বিএসএফের যৌথ দল দ্রুত অভিযান চালিয়ে তাজ উদ্দিনের বাড়িতে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক তাজউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও নেশা সামগ্রী নিয়ে আসা নাজিম উদ্দিন নামক এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশ ও বিএসএফ।

পরবর্তীতে তাজ উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে দশটি প্যাকেটে মোট ১,৯২৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নেশা সামগ্রীর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এছাড়াও ঘটনাস্থল থেকে চারটি মোবাইল ফোন, ভারতীয় মুদ্রায় ৭৭,৯১০ টাকা এবং বাংলাদেশি মুদ্রায় ১,৫৭৭ টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি নাজিম উদ্দিন, পিতা—শোখাই মিয়া।

তার বাড়ি ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া নিষিদ্ধ সামগ্রীসহ ধৃতকে কদমতলা থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে কদমতলা থানার অফিসার ইনচার্জ আর. এম. সাংমা জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক অভিযুক্ত তাজউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment