প্রগতি ত্রিপুরা, ৭ জানুয়ারী, ২০২৫: ঠান্ডা জাঁকিয়ে পড়তে শুরু করেছে আর এই সুযোগকে কাজ লাগাচ্ছে দুস্কৃতীরা। ধর্মনগর শহরে একের পর এক চুরি কাণ্ডে ফের আতঙ্ক ছড়াল সাধারণ মানুষের মধ্যে। এলাকা জুড়ে বারবার চুরির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে বারবার জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর শহরের কালীবাড়ি রোড এলাকায়। এলাকায় অবস্থিত একটি পরিত্যক্ত হোটেল—যার নাম আগে ছিল ‘হোটেল রাত দিন’—দীর্ঘদিন ধরেই চোরেদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, এই পরিত্যক্ত হোটেল থেকেই বারবার চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই পরিত্যক্ত হোটেলের ঠিক পাশেই একটি বাড়িতে সম্প্রতি চোরের দল হানা দেয়। বাড়ির মালিক দীর্ঘদিন ধরে কলকাতায় থাকার সুযোগে চোরের দল এই কাণ্ড ঘটায় বলে দাবি। শুধু তাই নয়, স্থানীয়দের আরও অভিযোগ—রাত্রিবেলা প্রায়ই ওই পরিত্যক্ত হোটেলের ভিতরে টর্চলাইট বা মোবাইল ফ্ল্যাশলাইটের আলো দেখা যেত, যা সন্দেহ আরও বাড়িয়েছে।
এলাকাবাসীর দাবি, চোরের দল ওই হোটেল থেকে একাধিক এসি, লাইটসহ মূল্যবান সামগ্রী খুলে নিয়ে গেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই চুরি কোনও একদিনের ঘটনা নয়—বারবার একইভাবে চুরি সংঘটিত হয়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একাধিকবার ধর্মনগর থানায় বিষয়টি জানানো হলেও পুলিশের তরফে তেমন কোনও বড় পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে চোরের দল আরও সাহস পাচ্ছে এবং এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।







