অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারী ২০২৬: কুমারঘাট মহকুমা ভিত্তিক প্রজাতন্ত্র দিবস ২০২৬-এর মূল অনুষ্ঠান এ বছর পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আয়োজিত হবে। সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি মহকুমায় উদযাপিত হবে। এ উপলক্ষে গতকাল কুমারঘাট পঞ্চায়েত কমিটির কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, সহকারি সভাধিপতি সন্তোষ ধর, কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শংকর দেব, মহকুমা শাসক এন এস চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ ও সমাজসেবীগণ।
সভায় সিদ্ধান্ত হয় প্রজাতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ২৬ জানুয়ারি একটি প্রভাতফেরি কুমারঘাট পুর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করবে। সকাল ৭টায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন, আরক্ষা বাহিনীর অভিবাদন গ্রহণ ও প্রধান অতিথি বক্তব্য রাখার পর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে দেশাত্মবোধক নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে।
ঐদিন সন্ধ্যায় গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত হবে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় পূর্ণরাজ্য দিবস উদযাপনের বিষয়েও আলোচনা হয়। ফটিকরায়ে নজরুল কলাকেন্দ্রে ২১ জানুয়ারি আয়োজিত হবে পূর্ণরাজ্য দিবস অনুষ্ঠান। এ উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা, ওপেন ক্যুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। এছাড়া ২৩ জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে কুমারঘাটের নেতাজী চৌমুহনীতে নেতাজী মূর্তির পাদদেশে ও ফটিকরায়ের নেতাজী মূর্তির সামনে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গাওয়া হবে।
উল্লিখিত অনুষ্ঠানগুলিকে সামনে রেখে ২০ থেকে ২৬ জানুয়ারি বিভিন্ন জায়গা, সরকারি অফিস আলোকসজ্জায় সজ্জিত করা হবে। সভায় আগামী ৯-১৩ জানুয়ারি কুমারঘাটের পূর্ত ময়দানে পৌষ মেলার আয়োজনের পর্যালোচনাও করা হয়। পৌষ মেলায় পিঠা-পুলি সহ স্বসহায়ক দলের বিভিন্ন রকমারি পসরার স্টল খোলা হবে। মেলায় বাউল সঙ্গীত, ধামাইল প্রতিযোগিতা সহ প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। ১২ জানুয়ারি মেলার বিশেষ আকর্ষণ হল বলিউডের প্লেব্যাক সিঙ্গার অরুনিতা কাঞ্জিলালের সাংস্কৃতিক সন্ধ্যা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, প্রজাতন্ত্র দিবস আমাদের রাষ্ট্রীয় উৎসব। জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, প্রজাতন্ত্র দিবস, পূর্ণরাজ্য দিবস ও নেতাজী জন্মজয়ন্তী উদযাপনের জন্য সকলকে দেশ প্রেম, ভালোবাসার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। পৌষ মেলার মাধ্যমে জাতি-জনজাতি মানুষের সংস্কৃতিকে আরও উর্দ্ধে তুলে ধরা যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।








