প্রগতি ত্রিপুরা, ২৯ ডিসেম্বর, ২০২৫: এআইডিএসও-র ৭২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক ছাত্র সমাবেশের আয়োজন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন। এদিন তারা সিটি সেন্টারের সামনে থেকে একটি মিছিল করে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা প্রেস ক্লাবে গিয়ে মিলিত হয়।
অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন গঠিত হয়েছিল ২৮ ডিসেম্বর ১৯৫৪ সালে। AIDSO-এর প্রাথমিক উদ্দেশ্য হল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের শিক্ষা বিরোধী নীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলন সংগঠিত করা এবং “একটি বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা করা।
এদিন প্রেস ক্লাবে ছাত্র সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি রামপ্রসাদ আচার্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন এবং অভিযোগ করেন কেন্দ্র ও রাজ্য সরকার পরিকল্পিতভাবে সরকারি শিক্ষার উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে। সমাবেশ শেষে এআইডিএসও-র পক্ষ থেকে প্রায় ১০ হাজার গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার উদ্দেশ্যে প্রদান করা হয়।








