প্রগতি ত্রিপুরা, ২৯ ডিসেম্বর ২০২৫: চন্ডীপুর বিধানসভার অন্তর্গত নেতাজি শিক্ষা নিকেতনের রৌপ্য জয়ন্তী বর্ষ উপলক্ষে চন্ডীপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় কমিটির উদ্যোগে এবং স্থানীয় মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি গত ২৫ বছরে ধারাবাহিক উন্নতির পথে এগিয়ে এসেছে।
এদিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য রেলির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা অংশ নেন।
মূল অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাঁর হাত ধরে বিদ্যালয়ের স্মরণিকা ও নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কালিকদার, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
বিদ্যালয়ের ২৫ বছরের পথচলা নিয়ে আলোচনা ও একটি তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আবহ ও শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়।








