প্রগতি ত্রিপুরা, ২৮ ডিসেম্বর, ২০২৫: রবিবার প্রয়াত চারবারের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে ধর্মনগরে। দীর্ঘ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে করে দিয়ে ২৬ ডিসেম্বর বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা ত্রিপুরা সহ ধর্মনগর।
শনিবার প্রয়াত অধ্যক্ষের নিথর দেহ আগরতলায় আনা হয়। রাত ১০ টা ৫০ মিনিট নাগাদ মরদেহ পৌঁছায় তাঁর নিজ বাসভবনে। রাতে উনার নিথর দেহ উনার বাসভবনেই রাখা হয়। সকালে তাঁর নিজ বাসভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় রামঠাকুর আশ্রমে। সেখানে গীতাঞ্জলি অর্পণ করা হয়। এরপর পদ্মপুরস্থিত বিজেপি জেলা কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানান দলীয় নেতা-কর্মীরা।
এর পর ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শোভাযাত্রা পৌঁছায় ধর্মনগর শ্মশানে। পথ জুড়ে সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। কান্নায় ভেঙে পড়েন উপস্থিত অনুগামীরা। শোকযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক, জনপ্রতিনিধি, প্রশাসনিক ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
দুপুর প্রায় ১টা ২০ মিনিটে ধর্মনগর নগর পঞ্চায়েত অফিস সংলগ্ন শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শোকসালামি প্রদান করে শেষকৃত্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য, উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে চারবারের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
তিনি রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন কংগ্রেসের হাত ধরে। পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং বিধানসভার একাদশতম অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।








