অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর, ২০২৫: শুক্রবার ভোরে ব্যাঙ্গালোরে প্রয়াত হয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে রাজ্যজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আগামীকাল তাঁর শবদেহ বেঙ্গালুরু থেকে আগরতলায় আনা হবে। প্রয়াণের শোকে তিনদিন রাজ্যজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করবে সরকার।
এই সময়কালে সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। গত কয়েক মাস আগে তিনি ধর্মনগর যাওয়ার সময় আগরতলা রেল স্টেশনে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আইএলএস হাসপাতালে স্থানান্তর করা হয় অধ্যক্ষকে।
আইএলএস হাসপাতালে সেদিন রাতের বেলায় অস্ত্রপ্রচারের পর অবস্থা স্থিতিশীল হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরে। গত কয়েক মাস ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্ববন্ধু সেন রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন কংগ্রেসের হাত ধরে।
পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং ২০১৮ সালের ২১ জুন ত্রিপুরা বিধানসভার একাদশতম অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। চারবারের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া বিশ্ববন্ধু সেন। রাজ্য সরকার আজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। ২৬-২৮ ডিসেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে।
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই অকালপ্রয়াণ রাজ্যবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। পরমকরুণাময় ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদ্গতি কামনা করি এবং প্রার্থনা করি তাঁর পরিবার যেন এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারেন। বিশ্ববন্ধু সেনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
বিরোধী দলনেতা বলেন আজ ভোরে ব্যাঙ্গালোরে প্রয়াত হয়েছেন রাজ্যের অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি এ খবর পেয়ে অত্যন্ত মর্মাহত হয়েছেন। দলের পক্ষ থেকে শোক জ্ঞাপন করার পাশাপাশি পরিবার-পরিজন সহ উনার দলের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। বিরোধী দলনেতা আরো বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববন্ধু সেন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
তিনি মধ্যে থাকাকালীন অবস্থায় বিশ্ববন্ধু সেন বিরোধী দল কংগ্রেসের বিধায়ক ছিলেন। পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে তিনি বিধায়ক হয়েছিলেন। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে বিভিন্ন রাজনৈতিক মহল তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।








