ড্রাগস-আসক্ত এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল গোটা তেলিয়ামুড়া

অনলাইন ডেস্ক, ১২ ডিসেম্বর, ২০২৫: দীর্ঘদিন ধরে মাদকের কবলে থাকা এক যুবক। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত ড্রাগস সেবনের জেরে তার মৃত্যু হয়। বহুদিন ধরেই তিনি একই এলাকার বাসিন্দা প্রশান্ত সরকার-এর কাছ থেকে মাদক সংগ্রহ করতেন। এলাকায় ‘পেরু’ নামে পরিচিত এই ব্যক্তি তেলিয়ামুড়ার মাদকচক্রের “মূল হোতা” বলে কুখ্যাত।নারায়ণের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

রাত বাড়তেই তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। একটি সঙ্গবদ্ধ দল পেরুর বাড়ির সামনে জড়ো হয়ে হামলা চালায়। তার স্কুটি ভাঙচুর করা হয়, একটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুহূর্তেই পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডি.সি.এম এবং এস.ডি.পি.ও-এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে।স্থানীয়দের অভিযোগ,“পেরু বহু বছর ধরে তেলিয়ামুড়াকে মাদকের আখড়ায় পরিণত করেছে।

অগণিত যুবক নষ্ট হয়েছে তার হাত ধরে। প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া—এবার আর নয়।”ঘটনার জেরে ড্রাগস-বিরোধী জনমত আরও জোরালো হয়েছে। প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সচেতন নাগরিকেরা—“আর কত নারায়ণকে মরতে হবে, তার পর প্রশাসন জাগবে?”তেলিয়ামুড়া চায় কঠোর পদক্ষেপ, চায় মাদকমুক্ত সমাজ। এখন দেখার, এই জনরোষ কি সত্যিই প্রশাসনিক কঠোরতার রূপ নেয়, নাকি আরও একবার ক্ষোভের আগুন নিভে যায় সময়ের সাথে সাথে।

Leave a Comment