অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর, ২০২৫: শনিবার পশ্চিম ত্রিপুরার সিমনায় মুখ্যমন্ত্রীর হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ১০৭ পরিবারের মোট ৩১২ জন ভোটার বিজেপিতে যোগ দান করেন। বিজেপি-এর সিমনা মণ্ডলের বড়কাঁঠাল বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে নবাগত সদস্যদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন জনজাতি ভাই-বোনদের সহযোগিতা ছাড়া কখনই সম্ভব নয়। যারা আজ বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ বিজেপির নেতৃত্ব।
মুখ্যমন্ত্রী মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতি মানুষের উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প হাতে নিয়েছেন। তাঁর নেতৃত্বেই মানুষ প্রকৃত উন্নয়নের স্বাদ পাচ্ছে। তাই বিভিন্ন দল ছেড়ে জনগণ বিজেপির উপর বিশ্বাস রাখছেন। তিনি অভিযোগ করেন, এই যোগদান সভাকে ব্যর্থ করার জন্য কিছু মহল সক্রিয় ছিল, কিন্তু তাতে সমর্থকদের উৎসাহ ও ভিড় এক মুহূর্তের জন্যও কমেনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ভয়-ভীতি দেখিয়ে রাজনীতি করা বাঞ্ছনীয় নয়। জনগণ উন্নয়নকে বেছে নিচ্ছেন, বাধা নয়। কিন্তু কেউ কেউ রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। তাদেরও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আরো বেশি শক্তিশালী হবে ভারতীয় জনতা পার্টি।
পাশাপাশি মঞ্চ থেকে প্রধান বিরোধীদলকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে দীর্ঘ সময় অপশাসন করে এসেছে কমিউনিস্টরা। এখন তাদের দেখানো রাস্তায় রাস্তায় শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু এগুলো বরদাস্ত করা হবে না।








