ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম এক বহিঃরাজ্যের শ্রমিক!

প্রগতি ত্রিপুরা, ৪ ডিসেম্বর ২০২৫: ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম এক বহিঃরাজ্যের পাইপ লাইনের শ্রমিক। পলাতক ঘাতক ডাম্পারের চালক।

ডাম্পার গাড়ি ব্যাক করতে গিয়ে গ্যাসের পাইপ লাইনে কর্মরত এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দিয়ে গুরুতর আহত করলো গাড়ি চালক। পরে অবস্থার বেগতিক দেখে গাড়ি রেখে পালিয়ে যায় চালক।

ঘটনা বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ। চুরাইবাড়ি থানা এলাকার সেলটেক্স বাইপাস সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনাটি। জানা যায়, ওই সময় বহিঃরাজ্যের এক শ্রমিক শিলচর থেকে আগরতলা গামী গ্যাসের পাইপ লাইনের কাজ করছিল।

এমন সময় সেখানে দাঁড়িয়ে থাকা TR01AT-1821 নম্বরের একটি ডাম্পার গাড়ি ব্যাক করছিল চালক এবং সোজা পেছনে থাকা ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তার কোমরের উপর দিয়ে চাকা উঠে যাওয়ায় কোমর ভেঙ্গে যায় এবং রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে লুটিয়ে পড়ে।

তখন প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখে কদমতলা দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা তড়িঘড়ি ছুটে যায় এবং গুরুতর আহত ব্যক্তিকে প্রথমে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজের শিলচরে স্থানান্তরিত করা হয়।

তবে তার অবস্থা সংকট জনক বলে জানায় তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা। এদিকে আহত ব্যক্তির নাম শ্যাম দাস(৩৮)(পিতা রামসুখিত দাস)।

বাড়ি বিহার রাজ্যের মধুবনী জেলার ভেলি গ্রামে। সে শিবশক্তি কনস্ট্রাকশন এর অধীনে কর্মরত ছিল। অপরদিকে দুর্ঘটনাগ্রস্থ ডাম্পার গাড়িটি ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে।

Leave a Comment