প্রগতি ত্রিপুরা, ২৯ নভেম্বর, ২০২৫: তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ষোলঘরিয়া এলাকায় শনিবার সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও উত্তেজনাকর ঘটনা।
শিশু পাচারকারী সন্দেহে এক অপরিচিত ব্যাক্তি’কে এলাকাবাসীরা ধরে বেধড়ক মারধর করে, যার ফলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা।
স্থানীয় সূত্রে জানা যায়, অপরিচিত ওই ব্যক্তি শিশুদের সঙ্গে সন্দেহজনকভাবে কথাবার্তা বলছিলেন, যা দেখে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দানা বাঁধে।
এরপর মুহূর্তেই উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে শুরু করে মারধর। রাস্তায় ফেলে চলে গণপিটুনি, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যাক্তি।
ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, উক্ত ব্যাক্তি বিহার রাজ্যের বাসিন্দা, তবে তিনি কেন এই এলাকায় এসেছিলেন, তা নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল—সচেতনতা যেমন জরুরি, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়া বিপজ্জনক ও বেআইনি।
https://youtu.be/91KpEu4aOlg








