প্রগতি ত্রিপুরা, ২৮ নভেম্বর, ২০২৫: জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হলো কাঞ্চনমালা লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
পশ্চিম ত্রিপুরা জেলার মাই ভারত এর উদ্যোগে এবং কাঞ্চনমালা গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় শুক্রবার দুপুরে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ডুকলী আর ডি ব্লক, পুরাতন আগরতলা ব্লক, জিরানিয়া ব্লক এবং হাজামারা আর ডি ব্লকের অন্তর্গত পুরুষ এবং মহিলা খেলোয়াররা।
এ দিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলান সাহা, কাঞ্চন মালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাস, জম্পুইজলার বি এস্ সি চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, মাই ভারত এর অধিকর্তা বিমল পাত্রিক সাহা, লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কন্দর্প দেববর্মা, কাঞ্চনমালা গ্রাম উন্নয়ন সংস্থার সম্পাদক শ্রীফল শীল, বিশিষ্ট সমাজসেবক নারায়ন দেবনাথ, বিপ্লব চক্রবর্তী সহ আরো অনেকেই।
এই প্রতিযোগিতায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অতিথিরা শুভ উদ্বোধন করেন এবং বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা সংগীত পরিবেশনা এবং নৃত্য পরিবেশন করা হয়। এদিনের এই প্রতিযোগিতায় খেলোয়াড়েরা দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেছেন বর্তমান সমাজের বেশিরভাগ যুবক-যুবতীরা খেলার মাঠে যেতে চায় না, অনেক যুবক-যুবতী রয়েছে যারা শুধু মোবাইল হাতে নিয়ে বেশি ব্যস্ত থাকে এবং যেসব যুবক-যুবতীরা নেশার করাল গ্রাসে তাদের নিজেদের জীবন বিপন্ন করছে তারা অবশ্যই মাঠমুখী হয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে তারা তাদের নিজেদের শরীরচর্চা করতে মনোযোগী হয়।
তারা আরও বলেছেন কোন এক সময় গ্রাম কিংবা শহরের যুবক-যুবতীরা মাঠে গিয়ে খেলাধুলায় অংশগ্রহণ করতে অনেক উদ্যোগী ছিল কিন্তু বর্তমানে এই শিক্ষিত সমাজের যুবক-যুবতীরা আগের মত মাঠে যেতে চাইছে না।
তাই তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন লেখাপড়ার পাশাপাশি সকল যুবক-যুবতীরা যেন মাঠে তাদের খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা করতে আগ্রহী হয়।








