উত্তর কলমচৌড়ায় গাঁজা বিরোধী অভিযানে বিশাল সাফল্য পুলিশের, ধ্বংস ২ লক্ষ ৫০ হাজার গাঁজা গাছ

প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৫: উত্তর কলমচৌড়ায় গাঁজা বিরোধী অভিযানে বিশাল সাফল্য পুলিশের। রবিবার ভোর থেকেই উত্তর কলমচৌড়ায় জোরদার গাঁজা বিরোধী অভিযান পরিচালনা করল কলমচৌড়া থানার পুলিশ।

থানার বর্তমান ইনচার্জ অরূপ দেববর্মার নেতৃত্বে পুলিশ, টিএসআর, বিএসএফ ও সিআরপিএফের সমন্বয়ে বিশাল বাহিনী সকাল সাতটা থেকে টানা দুপুর ১টা পর্যন্ত অভিযান চালায়।

উত্তর কলমচৌড়া, বড়মুড়া, বাগান বাড়ি, পাষানীয়া ও ট্যাক্কা মুড়া এলাকাজুড়ে অভিযান চালিয়ে মোট ২২ টি ফ্লটে প্রায় ২ লক্ষ ৫০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়।

শতাধিক পুলিশ, বিএসএফ ও মহিলা পুলিশ টি এস আর বাহিনী অংশ নেয় এই নজিরবিহীন অভিযানে। অভিযানের সময় শত শত স্থানীয় গাঁজা চাষী রাস্তা আটকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

পাষানীয়া এলাকার গভীর জঙ্গলেও পরবর্তী ধাপে অভিযান চালিয়ে গাঁজা বাগান সম্পূর্ণভাবে নষ্ট করে পুলিশ। জানা গেছে, আরও কয়েকদিনের মধ্যেই এসব গাঁজা পূর্ণ ফলন দিত—কিন্তু তার আগেই পুলিশ সফলভাবে হানা দেয়।

ইনচার্জ অরূপ দেববর্মা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহার নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার উদ্দেশ্যে ,নেশামুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Leave a Comment