প্রগতি ত্রিপুরা, ১৭ নভেম্বর, ২০২৫: নিপুন ভারত মিশন হল জাতীয় শিক্ষা নীতি ২০২০ এর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। যার লক্ষ্য ৩ থেকে ৯ বছর বয়সী শিশুদের মৌলিক শিক্ষা, খাদ্যভ্যাস ও বেসিক লার্নিং স্কিল শক্তিশালী করা।
শিশুদের সহজ, আনন্দদায়ক ও কার্যকর পদ্ধতিতে পড়াশোনা শেখানোই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। আজ কৈলাসহরের উনকোটি কলাক্ষেত্রে জেলাভিত্তিক নিপুন ফেস্টের উদ্বোধন করে একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
তিনি আরও বলেন, রাজ্যে স্মার্ট ক্লাস, গ্রুপ ওয়ার্ক, গেমস ও টুলকিটের মাধ্যমে শিশুদের শেখার সক্ষমতা বাড়ানো হচ্ছে। ভাষা, গণিত, সমস্যা সমাধান সহ শিশুদের সার্বিক বিকাশে নিপুন প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, শিশুদের ভবিষ্যতের শিক্ষাজীবনে দৃঢ় ভিত্তি তৈরী করাই নিপুন প্রকল্পের লক্ষ্য। কারণ শিশুদের সঠিক শিক্ষা তাদের সারাজীবনের জ্ঞান ও চরিত্র গঠনে সহায়তা করে।
তাছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উনকোটি জেলার জেলাশাসক ড. তমাল মজুমদার। সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার।
অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ বিভিন্ন প্রদর্শনী স্টল, লার্নিং গেমস, ইনোভেটিভ টিচিং মডেল প্রদর্শিত স্টলগুলি পরিদর্শন করেন। অনুষ্ঠানে জেলার সেরা ৪৬ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।








