বৈষম্যমূলক আচরণ, উদয়পুর-আগরতলা রুটে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ

প্রগতি ত্রিপুরা, ১৭ নভেম্বর, ২০২৫: আগরতলার বাস মালিকদের বিরুদ্ধে ধারাবাহিক অনিয়ম ও অন্যায় আচরণ-এর অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উদয়পুর-আগরতলা রুটে সম্পূর্ণভাবে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রাখেন উদয়পুরের গাড়ির মালিক ও শ্রমিকরা। হঠাৎ করে এই রুটে পরিবহণ পরিষেবা বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়।

মালিক-শ্রমিক সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আগরতলার গাড়ির মালিকরা উদয়পুরের গাড়ির প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছেন। তাঁরা দাবি করেন, রুট শৃঙ্খলা মানা হচ্ছে না, স্ট্যান্ডে গাড়ি ঢোকা-বার হওয়ার ক্ষেত্রে একাধিকবার বাধা দেওয়া হচ্ছে, এমনকি যাত্রী টানাটানির অভিযোগও উঠেছে দুই পক্ষের মধ্যে।

এসব অভিযোগের যথাযথ করণীয় ও তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় ক্ষোভ দানা বেঁধেই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তাঁরা। অভিযোগকারীদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্ত না হয় এবং দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হয়, ততক্ষণ উদয়পুরের গাড়ি মালিক–শ্রমিকরা গাড়ি নামাবেন না।

ঘটনার জেরে আজ সকাল থেকেই উদয়পুর স্ট্যান্ডে যাত্রীদের ভিড় দেখা গেলেও আগরতলা অভিমুখী একটি বাসও ছাড়েনি। তবে অন্য রুটের দূরপাল্লার গাড়িগুলি স্বাভাবিকভাবেই চলছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ইতিমধ্যেই মালিক-শ্রমিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে।

তবে দ্রুত সমাধান না হলে আগামী দিনে অবরুদ্ধ হতে পারে আরও রুট এমন আশঙ্কা প্রকাশ করেছেন নিয়মিত যাত্রীরা। ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবহণ দপ্তর, দুই জেলার গাড়ির মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের যৌথ বৈঠক করার দাবি উঠেছে। অন্যদিকে, আগরতলার বাস চালকরা উদয়পুর দিয়ে যাচ্ছিল তাদের নাকি হুমকি দিয়েছে উদয়পুরের বাস মালিক রাজু মজুমদারের নেতৃত্বে কিছু যুবক।

এই নিয়ে রাধাকিশোরপুর থানায় এসেছে আগরতলার বাস মালিকরা। তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলকে কালিমালিপ্ত করার জন্য উদয়পুরের রাজু মজুমদার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রথমে দেখা গিয়েছে উদয়পুর থেকে আগরতলা বাস চলাচল বন্ধ। এবার আগরতলার বাসচালকরা সংবাদ মাধ্যমের ক্যামেরায় জানিয়েছে আগরতলা থেকে গোমতী জেলা এবং দক্ষিণ জেলার সমস্ত বাঁস চলাচল কর্ম বিরতিতে থাকবে। যতদিন পর্যন্ত উদয়পুরের রাজু মজুমদারকে না সরানো হয় শেষ পর্যন্ত আগরতলার বাস চালকরা বাস চালাবে না।

Leave a Comment