প্রগতি ত্রিপুরা, ৯ নভেম্বর, ২০২৫: এডিসি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনীতির ময়দানে গতি বাড়াচ্ছে বিজেপি।
রবিবার ২৯ কৃষ্ণপুর মণ্ডলের অন্তর্গত পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের চামপ্লাই বাজারে এক রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়, যেখানে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতেই তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন ৯ পরিবারের ২২ জন ভোটার।
এদিনের অনুষ্ঠানে বিজেপি নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করেন। সভাস্থল জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর বক্তব্যে বলেন, “মানুষ বিজেপিকে বিশ্বাস করে বলেই আজ রাজ্যের প্রত্যন্ত গ্রামেও পদ্মফুলের জয়গান শোনা যাচ্ছে।
জনজাতি কল্যাণে বিজেপি ছাড়া আর কোনো দল কাজ করেনি। বিগত ৩৫ বছর সিপিআই(এম) ও কংগ্রেসের শাসনকালে জনজাতি অধ্যুষিত এলাকাগুলি বঞ্চিত ছিল ন্যায্য অধিকার থেকে।
তিনি আরও বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে কেউ কেউ যোগদান নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। তাদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানাই।
বিজেপি মানুষের উন্নয়নের রাজনীতি করে, বিভাজনের নয়।” মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে জনজাতি মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে।
সরকারি প্রকল্প থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো—সবক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম এলাকায়।
চামপ্লাই বাজারের এদিনের সভাটি যেন জনজাতি অঞ্চলে বিজেপির প্রতি বাড়তে থাকা আস্থারই প্রতিচ্ছবি।
এডিসি ভোটের আগে একের পর এক যোগদান কার্যক্রম রাজনীতির সমীকরণে নতুন বার্তা দিচ্ছে—জনজাতি রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন বিকাশ দেববর্মা এবং তাঁর নেতৃত্বাধীন বিজেপি।








