প্রগতি ত্রিপুরা, ৯ নভেম্বর, ২০২৫: দক্ষিণ ঘিলাতলীর অভিচরণ মাস্টার পাড়ায় আগুন লেগে এক অসহায় পরিবারের রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম সরজিৎ দাস। পরিবারটি দীর্ঘদিন ধরেই আর্থিক অনটনে ভুগছে। পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ ও দিনমজুরি, সেই টাকাতেই কোনোমতে সংসার চলে।
জানা যায়, সরজিৎ দাসের রান্নার ঘরটি ছিল ছনের ছাউনি দেওয়া—বর্তমান যুগে এমন ঘর এখন আর সচরাচর দেখা যায় না। রবিবার সাত সকালে প্রতিদিনের মতোই পরিবারের সদস্যরা চা খেয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান।
এরপর হঠাৎই রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ঘরটি ছনের হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন লেলিহান শিখায় ছেয়ে যায় চারপাশ।
স্থানীয়রা আগুন দেখে ছুটে এসে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান, তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ পরিদর্শন করেন।
ঘটনায় কেউ হতাহত না হলেও রান্নাঘরের যাবতীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, ইতিমধ্যেই পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
কীএমন এক অসহায় পরিবারের ওপর এই দুর্ঘটনা নেমে আসায় এলাকায় ব্যাপক সহানুভূতির সুর ছড়িয়েছে।








