স্বাধীনতা আন্দোলনে ভারতীয়দের মধ্যে ব্রিটিশের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলতে বন্দে মাতরম গান বিশেষ ভূমিকা পালন করেছে: রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ০৮ নভেম্বর, ২০২৫: আজ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তির ধলাই জেলাভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আমবাসা টাউনহলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, স্বাধীনতা আন্দোলনে ভারতীয়দের মধ্যে ব্রিটিশের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলতে বন্দে মাতরম গান বিশেষ ভূমিকা পালন করেছে। এই গানের মাধ্যমে ভারতবর্ষের শক্তি, সমৃদ্ধি এবং পবিত্রতা প্রকাশ পায়।

এই গান আমাদের এগিয়ে চলার পথ দেখায়, আমাদের শক্তির উৎস এবং ভারত মাতার প্রতি আমাদের সম্মানকে প্রদর্শন করে। রাজ্যপাল এই অনুষ্ঠানটি পালনের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে দেশাত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক স্বপ্না দাস পাল, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, জেলাশাসক বিবেক এইচ বি।

অনুষ্ঠানে দিল্লিতে আয়োজিত বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তির কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ সরাসরি প্রদর্শিত হয়। শেষে রাজ্যপাল অনুষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনী স্টলও ঘুরে দেখেন।

পরবর্তীতে রাজ্যপাল আমবাসা সার্কিট হাউসে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জিলা পরিষদের ধলাই জোনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে একটি পর্যালোচনা সভায় মিলিত হন।

সভায় ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জিলা পরিষদের অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মহম্মদ মোসলেম উদ্দীন, জেডডিও, সাব জেডডিও এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে রাজ্যপাল বুরহা পাড়াস্থিত ব্লু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন।

সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কথাবার্তা বলেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে রাজ্যপাল উপস্বাস্থ্য কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান।

রাজ্যপাল স্থানীয়দের গুণগত শিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনমান বিকাশের উপর জোর দিতে আহ্বান জানান। পরিদর্শনকালে তাঁর সঙ্গে জেলাস্তরের সকল আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment