উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন সীমান্ত গ্রাম পরিদর্শনে রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ০৫ নভেম্বর, ২০২৫: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন সীমান্ত গ্রাম পরিদর্শন করেন। এই পরিদর্শনের উদ্দেশ্য হল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা পরিদর্শন করা।

রাজ্যপাল প্রথমে উত্তর ত্রিপুরা জেলার দশদা ব্লকের সীমান্তবর্তী গ্রাম ভান্ডারীমার স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি ভান্ডারীমা ভিলেজ কমিটির অন্তর্গত ব্লু পুনর্বাসন গ্রাম খাসনামপাড়া যান এবং সেখানে তিনি জনগণের সাথে মতবিনিময় করেন।

রাজ্যপাল প্রথমবারের মতো খাসনামপাড়া ব্লু বসতিতে যাওয়ায় ব্লু সম্প্রদায়ের জনগণ খুশী ব্যক্ত করেন। মতবিনিময়ের সময় রাজ্যপাল ইয়াপ্রি দল নাংমা বদল স্বসহায়ক দলকে এবং তাৎসাউথ স্বসহায়ক দলকে চেক প্রদান করেন।

মতবিনিময়কালে রাজ্যপাল স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প এবং সামাজিক পেনশন প্রকল্পের সুবিধা গ্রহণের আহ্বান জানান। তিনি অভিভাবকদের তাদের সন্তানদের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে এবং নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা গ্রহণে ভর্তি করার জন্য উৎসাহিত করেন।

রাজ্যপাল স্বসহায়ক দলগুলিকে তাদের উৎপাদিত পণ্যের পরিসর সম্প্রসারণ এবং স্বনির্ভর হওয়ার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণের পরামর্শ দেন। এছাড়াও স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে দক্ষতা অজর্নের জন্য মহিলা এবং যুবকদের উৎসাহিত করেন।

পরিদর্শনের সময় রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন এবং অন্যান্য দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment