ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও তিন ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করল সিপিআই(এম)

প্রগতি ত্রিপুরা, ২৮ অক্টোবর, ২০২৫: উত্তর জেলার ধর্মনগরে তিন দফা দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও তিন ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করল সিপিআই(এম) ধর্মনগর মহকুমা কমিটি।

এদিনের কর্মসূচি শুরু হয় ধর্মনগর সিপিআই(এম) পার্টি অফিস প্রাঙ্গণ থেকে।

সেখান থেকে বিশাল মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে নেতাজি মূর্তি সংলগ্ন এলাকায় এসে গণঅবস্থানে মিলিত হয়।

গণঅবস্থানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত, ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায়, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সহ একাধিক বাম নেতা কর্মীরা। তিন দফা মূল দাবিগুলোর মধ্যে ছিল।

১.রাজ্যের বিভিন্ন স্থানে শিশু, কন্যা ও নারী নির্যাতন এবং হত্যার ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।

২. রেলের ওয়াগনে কোটি কোটি টাকার নেশাজাত সামগ্রী পাচার চক্রে জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি।

৩. উৎকোচ গ্রহণের অভিযোগ স্বীকারোক্তিকারী মন্ত্রী সুধাংশু দাসকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি।

গণঅবস্থানে বক্তারা অভিযোগ করেন, বর্তমান রাজ্যে নারী নির্যাতন, দুর্নীতি ও নেশা ব্যবসা লাগামছাড়া আকার ধারণ করেছে।

সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণেই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ তাঁদের।

বক্তারা সতর্ক করে বলেন, যদি অবিলম্বে এই তিন দফা দাবির বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামবে সিপিআই(এম)।

Leave a Comment