প্রগতি ত্রিপুরা, ২৮ অক্টোবর, ২০২৫: সাব্রুমে সাব জোনাল অফিসের উদ্বোধন,জনজাতিদের থানসা রাখার বার্তাদিলেন মহারাজ, মানবিক উদ্যোগে আলোচনায় জালাল মিয়া।
দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার অন্তর্গত মনুবাজার কালাঢেপা এলাকায় এক অনন্য মানবিক উদ্যোগের সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় একটি নতুন সাব জোনাল অফিসের। এই অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছেন বিশিষ্ট সমাজসেবী ও জালাল খেদমত আলইনছান ফাউন্ডেশনের চেয়ারম্যান জালাল মিয়া, যিনি দিনটির মূল আকর্ষণ হয়ে ওঠেন নিজের মানবিক কর্মসূচির জন্য।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিবৃন্দের হাত দিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অফিসটির।
উপস্থিত ছিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, সাব জোনাল চেয়ারম্যান দেবজিত ত্রিপুরা সহ ত্রিপ্রা মথা দলের বিভিন্ন পদাধিকারী।
অতিথিদের সংবর্ধনা জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর বলেন, “উপজাতি সমাজের উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে ঐক্য।
আমাদের মধ্যে থামসা অর্থাৎ ঐক্য বজায় রাখলেই প্রকৃত উন্নয়ন সম্ভব।” তিনি আরও আহ্বান জানান, স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের যেন জনগণের পাশে থেকে প্রতিনিয়ত তাদের সমস্যা সমাধানে সহায়তা করেন।
এদিনের অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল জালাল মিয়ার মানবিক উদ্যোগ। তিনি প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে শিক্ষা সামগ্রী — খাতা, কলম, বই ইত্যাদি — বিতরণ করেন। পাশাপাশি এলাকার জনজাতি নারীদের হাতে পরিধানের বস্ত্র ও রিগনা তুলে দেন।
তার এই সামাজিক ও মানবিক কর্মসূচি উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। মহারাজা প্রদ্যুৎ কিশোর এবং পূর্ণ চন্দ্র জমাতিয়া উভয়েই জালাল মিয়ার উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে এমন দৃষ্টান্তমূলক কর্মকাণ্ডই প্রকৃত মানবতার প্রতিফলন ঘটায়।
নিজের বক্তব্যে জালাল মিয়া বলেন, “আমার এই উদ্যোগ সমাজের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানোর উদ্দেশ্যেই। আগামী দিনেও একইভাবে জনহিতকর কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের ফাউন্ডেশনের।
সার্বিকভাবে, কালা ঢেপার এই উদ্বোধনী অনুষ্ঠানটি শুধু প্রশাসনিক নয়, মানবিক দিক থেকেও এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠল। এলাকাবাসীর মুখে তাই একটাই কথা— “এমন উদ্যোগই আমাদের সমাজে আশার আলো জ্বালায়।”








