দীপাবলির রাতে কৈলাসহরে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মীর

প্রগতি ত্রিপুরা, ২১ অক্টোবর, ২০২৫। কৈলাসহর শহরের পাইতুরবাজার এলাকায় আজ সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। মৃত ব্যক্তির নাম কানন দেবনাথ, বয়স (৬৫)।

ঘটনাটি ঘটে সোমফার সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, পাইতুরবাজার এলাকায় বিধায়ক বিরজীত সিনহার বাসভবনের সংলগ্ন রাস্তায় দ্রুত গতিতে আসা একটি টটো (TR 02 C 3225) মুখোমুখি ধাক্কা মারে কানন দেবনাথের চালিত স্কুটিতে (TR 02 D 9753)। সংঘর্ষের অভিঘাতে কানন দেবনাথ গুরুতর জখম হন এবং রাস্তায় লুটিয়ে পড়েন।

খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান।

কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক কানন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত টটোটি আটক করা হয়েছে, তবে টটো চালক পলাতক। তাকে ধরতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।এদিকে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মৃত কানন দেবনাথের সততা ও মানবিক ব্যবহারের জন্য তিনি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Leave a Comment