প্রগতি ত্রিপুরা, ১১ অক্টোবর, ২০২৫। দুর্ঘটনায় নিহত ছোট্ট অভিরূপের ধর্মনগরস্থিত বাড়িতে যান সুদীপ রায় বর্মণ ও আশিস কুমার সাহা।
মহা অষ্টমীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ছোট্ট অভিরূপ দেবনাথের বাড়িতে যান প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা,বিধায়ক সুদীপ রায় বর্মন সহ স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে।
তাঁরা অভিরূপের পরিবারের সঙ্গে দেখা করেন ও ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।
উল্লেখ্য,মহা অষ্টমীর রাতে ধর্মনগর মহকুমার ফায়ার সার্ভিস সংলগ্ন শিবনাথ রোডের বাসিন্দা অভিজিৎ দেবনাথ ও তাঁর পুত্র অভিরূপ দেবনাথ দীঘলবাক এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
পথে দ্রুতগতিতে আসা একটি মারুতি ওয়াগনআর গাড়ি পেছন দিক থেকে ধাক্কা দিলে বাবা-ছেলে রাস্তায় ছিটকে পড়েন।
ঘটনাটি পাশের একটি বিবাহ ভবনের সিসি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান,পরে উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই শিলচরে স্থানান্তর করা হয়।
নবমীর দিনই অভিযুক্ত গাড়িচালক সৌভিক নাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ চিকিৎসার পরও ৪ অক্টোবর রাতে মৃত্যু হয় ছোট্ট অভিরূপের।
অভিরূপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগর জুড়ে শোকের ছায়া নেমে আসে। শহরবাসীর দাবি ওঠে—দোষী চালকের কঠোরতম শাস্তি হোক।
পরদিন,৫ অক্টোবর রাতে আহত পিতা অভিজিৎ দেবনাথকে নিয়ে বাড়ি ফেরে পরিবার,সঙ্গে আসে অভিরূপের নিথর দেহ।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা,ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন এবং দোষী চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দ্রুত সম্পন্ন করার দাবি তোলেন। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি!








